রাজশাহীতে আম উৎপাদন হচ্ছে বেশি, কিন্তু তা প্রক্রিয়াজাত করে নতুন পণ্য ও কর্মসংস্থান তৈরির ব্যবস্থা একেবারে কম।চট্টগ্রামে বন্দর, পরিবহন ও স্বাস্থ্যসেবায় দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। তরুণদের সেই কাজের উপযোগী করে তোলার প্রশিক্ষণ কম।
আবার নোয়াখালীতে নারী উদ্যোক্তার জন্য স্বল্প সুদের ঋণের সুযোগ থাকলেও স্বামীর স্বাক্ষরের মতো শর্তে তা পাচ্ছেন না।অর্থাৎ সুযোগের অভাবই একমাত্র সমস্যা নয়, সেই সুযোগকে তরুণদের আয়, কর্মসংস্থান ও টেকসই ব্যবসায় রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও সেবার ঘাটতি রয়েছে দেশে।বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে।আজ শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে ‘মেসো–ইকোনমি ও মিসিং মিডল: তরুণদের জন্য সুযোগ কেন ফল হয়ে ফিরছে না’ শীর্ষক এই গবেষণার ফল তুলে ধরা হয়।
গবেষণায় সহায়তা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন।অনুষ্ঠানের শুরুতে পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানে রাজনৈতিক বিষয়গুলো সামনে থাকলেও এর পেছনে অর্থনৈতিক ন্যায়বিচারের দাবিও কাজ করেছে।
সূত্র: প্রথম আলো