নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির দুই নেতাকে হত্যার জের ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক মুক্তিসহ কয়েকজন নেতা–কর্মীর বাড়ি ও দোকানপাটে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বিকেলে থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ২০ থেকে ৩০টি বাড়িতে আগুন দেখতে পায়।
গ্রামের একেকটি বাড়িতে তিন থেকে চারটি করে ঘর থাকে, সে হিসাবে আগুনে ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যাটা আরও অনেক হবে।এর আগে গত বুধবার কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হন।
তাঁরা হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা ও পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।ভুক্তভোগীদের অভিযোগ, গতকাল বিকেলে হঠাৎ করে বেন্দারচর এলাকায় সাবেক এমপি বি এম কবিরুল হক মুক্তি, সাবেক পৌর মেয়র মুশফিকুর রহমানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা করেন বিএনপির লোকজন।
সূত্র: প্রথম আলো