চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক প্রোগ্রামারসহ তিন কর্মীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হলেও আজ শনিবার বিষয়টি জানাজানি হয়।
এর আগে গত বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেপ্তার তিনজন হলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মোহাম্মদ আবদুল মালেক (৫৬), স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯) ও শহিদুল আলম (২৭)। ফরহাদুল ও শহিদুল দুজনই অস্থায়ী কর্মচারী।ফল জালিয়াতির অভিযোগে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের করা ওই মামলাটির এজাহারে তাঁদের নাম ছিল না।
তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি।সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রাসেল মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে শিক্ষা বোর্ডের তিন কর্মী গ্রেপ্তার হন।
সূত্র: প্রথম আলো