জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সামরিক খাতে বরাদ্দ বাড়ানো এবং জলবায়ু সংকটের প্রতিবাদে ইউরোপের বিভিন্ন দেশে রাস্তায় নেমেছেন তরুণেরা। গতকাল শুক্রবার ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন তাঁরা।বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারগুলো তরুণ প্রজন্মের উদ্বেগ ও ভবিষ্যতের কথা উপেক্ষা করছে।
ভূরাজনৈতিক সংকট মোকাবিলা ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানকে সহায়তা করতে গিয়ে শিক্ষা, আবাসন ও তরুণদের কল্যাণে প্রয়োজনীয় বিনিয়োগ করছে না।৫০টির বেশি সংগঠনের সমন্বয়ে গঠিত তরুণদের একটি জোট এই বিক্ষোভের আয়োজন করে। বিভিন্ন দেশে বিক্ষোভের কারণের মধ্যে আরও ছিল গাজায় ইসরায়েলের যুদ্ধ, বাড়িভাড়া বৃদ্ধি এবং স্কুল ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশের অবনতি।বিক্ষোভকারীদের অনেকের হাতে ছিল ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো’ লেখা প্ল্যাকার্ড।
কোথাও আতশবাজি জ্বালানো হয়, কোথাও পোড়ানো হয় ট্যাংকের কার্ডবোর্ডের প্রতিকৃতি।ইতালির মিলান শহরে বিক্ষোভে অংশ নেওয়া ১৮ বছর বয়সী মাধ্যমিকের শিক্ষার্থী অলিভিয়া ফেরারিও এএফপিকে বলেন, রাস্তায় নেমে তরুণেরা তাঁদের ‘প্রাণশক্তি ও দৃঢ়সংকল্প’ প্রকাশ করছেন।
সূত্র: প্রথম আলো