বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের এক সাংবাদিককে চাকরি ছাড়ার নির্দেশনাকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হাঙ্গামা–হট্টগোল হয়েছে। বহিরাগতরা টেলিভিশনটির কার্যালয়ে ঢুকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) টিপু আলম মিলনকে তুলে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির কর্মীরা। আজ শনিবার বেলা তিনটার দিকে রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
বৈশাখী টেলিভিশনের একটি সূত্র জানায়, অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে এই ঘটনার পর প্রতিষ্ঠানটির ডিএমডি টিপু আলমকে হেফাজতে নেয় বনানী থানা–পুলিশ।বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ওই অফিসে অজ্ঞাত বহিরাগত লোকজন গিয়ে বিশৃঙ্খলা করছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।
পরে সেখান থেকে নিরাপত্তার স্বার্থে ডিএমডিকে পুলিশ হেফাজতে নিয়েছি।’ওসি বলেন, ডিএমডি টিপু আলম মিলনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলা রয়েছে।
সূত্র: প্রথম আলো