পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্য (এমপি) ও এক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে গতকাল শুক্রবার রাত ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতার বাড়িতেও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে সন্ত্রাসবিরোধী সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। সভা শেষে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপজেলা শহরে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এরপর সাবেক দুই সংসদ সদস্য ও সাবেক পৌর মেয়রের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।গতকাল সন্ধ্যা সাতটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য আনোয়ার-উল ইসলামের কলাপাড়া পৌর শহরের কামারপট্টি এলাকার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।
সূত্র: প্রথম আলো