বড়দিনের ছুটিতে বাড়িতে একা পড়ে যাওয়া ছোট্ট ছেলেটি। আর সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়া দুই চোরকে বুদ্ধি আর নানা ফাঁদে নাস্তানাবুদ করার গল্প। ১৯৯০ সালে মুক্তি পাওয়া হলিউডের সিনেমা ‘হোম অ্যালোন’ আজও দর্শকের কাছে বড়দিনের অন্যতম প্রিয় সিনেমা। সেই সিনেমার কেভিন ম্যাকক্যালিস্টার চরিত্রে অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন ম্যাকলে কালকিন। এবার ৩৬ বছর পর আবারও সেই চরিত্রে ফিরতে যাচ্ছেন তিনি।
হলিউডের বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, ‘হোম অ্যালোন’ ফ্র্যাঞ্চাইজি নতুন একটি সিনেমা তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে। এতে কেভিন চরিত্রে দেখা যেতে পারে ম্যাকলে কালকিনকে। সিনেমাটি প্রযোজনা করবে ডিজনি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি। নতুন সিনেমার চিত্রনাট্য লেখা ও প্রযোজনার সঙ্গে যুক্ত থাকছেন ‘পয়েন্ট গ্রে’ প্রযোজনা সংস্থার সেথ রোজেন ও ইভান গোল্ডবার্গ।
তাঁরা কালকিনের সঙ্গে মিলে সিনেমাটির গল্প নিয়ে কাজ করছেন।
সূত্র: প্রথম আলো