ইন্টারনেটের মতোই বিশাল এক জগৎ। সেখানে রয়েছে অনলাইন কেনাকাটার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন ধরনের কনটেন্ট ফিড, এমনকি ব্যাংকিং সেবার ড্যাশবোর্ডও। বাইরে থেকে দেখলে সবকিছুই বাস্তব মনে হবে। কিন্তু এসব ওয়েবসাইটের কোনোটিই আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্রাউজিং এজেন্টকে নিরাপদে প্রশিক্ষণ দিতে এমনই একটি কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে গুগল। এর নাম দেওয়া হয়েছে ‘মিরর ডাইমেনশন’।
গুগলের নিরাপত্তাবিষয়ক ব্লগে প্রকাশিত তথ্য অনুযায়ী, মিরর ডাইমেনশন এমন একটি নিয়ন্ত্রিত ডিজিটাল পরিবেশ, যেখানে ক্রোম ব্রাউজারের জেমিনাই-চালিত ‘অটো ব্রাউজ’ সুবিধার এআই এজেন্টকে বিভিন্ন অনলাইন কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই পরিবেশে এআই নিজে থেকেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারে, লিংকে ক্লিক করতে পারে, অনলাইন ফরম পূরণ করতে পারে, পডকাস্ট নামাতে পারে, এমনকি কেনাকাটাও করতে পারে।
তবে এসব কাজের জন্য তাকে প্রকৃত কোনো ওয়েবসাইটে যেতে হয় না।
সূত্র: প্রথম আলো