বিদ্যুৎ এখন আর বিলাসিতা নয়, নাগরিক জীবনের অপরিহার্য সেবা। অথচ ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মাবেষ্টিত ৪৩টি গ্রামের ১০ হাজারের বেশি মানুষ পাঁচ মাস ধরে বিদ্যুৎহীন। সন্ধ্যা নামলেই গ্রামগুলো ডুবে যায় অন্ধকারে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের জীবিকা। একটি সাবমেরিন কেব্ল ছিঁড়ে যাওয়ার পর এত দীর্ঘ সময়েও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়নি।
এটি শুধু কারিগরি সমস্যা নয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা ও দায়িত্বশীলতারও প্রশ্ন।গত ৮ জুন পদ্মার তলদেশে সাবমেরিন কেব্ল ছিঁড়ে যাওয়ায় দিয়ারা নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নের ৪৩টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ না থাকায় ফ্রিজ, টেলিভিশনসহ বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হচ্ছে। গরুর খামার চালাতে না পেরে কেউ কেউ গরু বিক্রি করে দিচ্ছেন।
সোলার–ব্যবস্থা থাকলেও তা দিয়ে প্রয়োজনীয় সব কাজ চালানো সম্ভব হচ্ছে না।
সূত্র: প্রথম আলো