পরিমাণে খুব বেশি না হলেও টানা তিন দিন বৃষ্টি হয়েছে রাজধানীতে। তবু আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল ১১। বায়ুর মান ছিল ১৫১। বায়ুর এই মানকে অস্বাস্থ্যকর বলা হয়। কিন্তু অপেক্ষাকৃত কম জনসংখ্যার শহর গাজীপুরে ওই সময় বায়ুর মান ছিল ১৭৮। এটা প্রায় দিনই থাকে। শুধু ঢাকার পাশের এই শহর নয়, দূরের অনেক শহরেও বায়ুদূষণ বাড়ছে।অথচ বায়ুদূষণের কথা উঠলেই ঢাকার নাম সামনে আসে।
শীত এলেই রাজধানীর বাতাসের মান নেমে যায় বিপজ্জনক পর্যায়ে। কিন্তু দেশের অন্যান্য অঞ্চলের বাতাসও যে দূষিত হচ্ছে, তার প্রমাণ মিলছে সরকারি পর্যবেক্ষণ ও একাধিক গবেষণায়।
উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, শিল্পাঞ্চল এমনকি গ্রামীণ এলাকাতেও বাতাসে ক্ষতিকর অতি ক্ষুদ্র বস্তুকণার (পিএম২.৫) উপস্থিতি উদ্বেগজনক।পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (বায়ুমান) মোহাম্মদ আবদুল মোতালিবের একটি উপস্থাপনায় ২০২৫ সালে দেশের আটটি বিভাগীয় শহরের বায়ুদূষণের চিত্র তুলে ধরা হয়েছে।
সূত্র: প্রথম আলো