‘ওই মিয়া, মোবাইল নামান। মোবাইল বাইর করছেন কেয়া? ভিডিও করেন কেন? ভিডিও করলে কিন্তু মোবাইল থাকত না।’ মহাসড়ক অবরোধকারী শ্রমিকদের একজন এভাবেই কথা বলছিলেন। আজ রোববার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুরে পুরানবাজার এলাকায় এ ঘটনা ঘটে।গণমাধ্যমকর্মীরা মহাসড়ক অবরোধের ছবি তুলতে ও ভিডিও ধারণ করতে নিষেধ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শ্রীপুর ও গাজীপুর সদরের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। সেখানে ছিলেন এই প্রতিবেদকও।পরে আজ দুপুর পৌনে ১২টায় সড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এই প্রতিবেদক অবরোধকারীদের ছবি তোলার চেষ্টা করেন। সড়ক বিভাজনের ওপর দাঁড়িয়ে ছবি তোলার সময় সেখানে দৌড়ে আসেন একজন শ্রমিক। ওই শ্রমিক ছবি তুলতে নিষেধ করেন।
ছবি তোলার চেষ্টা করলে মুঠোফোন কেড়ে নেওয়া হবে বলেও হুমকি দেন।আজ বেলা সোয়া ১১টার দিকে উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় প্রথমে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা।
সূত্র: প্রথম আলো