সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগসংক্রান্ত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই সংবাদে প্রকৃত তথ্য উপেক্ষা করে ব্যাংকের একটি আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।
প্রকৃত ঘটনা হলো, সংশ্লিষ্ট গ্রাহক প্রতিষ্ঠানগুলো (এক গ্রাহকের কয়েকটি প্রতিষ্ঠান) ২০১৬ সাল থেকে সিটি ব্যাংকের ঋণসুবিধা গ্রহণ করে, যার মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে এই ঋণ অনিয়মিত হওয়ার পর গ্রাহকের অনুরোধে পুনঃ তফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হলেও ঋণ পরিশোধ করা হয়নি। ২০২৪ সালে আবারও খেলাপি হওয়ার পর গ্রাহককে একাধিক আইনি নোটিশ ও ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়।
এমনকি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করেও তা রক্ষা করেননি।পরবর্তী সময়ে ব্যাংক অর্থঋণ আদালত আইন ও নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে নেওয়া বন্ধকীকৃত সম্পত্তি প্রকাশ্য নিলামের ব্যবস্থা করে।
সূত্র: প্রথম আলো