বলিউডে চার দশকের বেশি সময়ের ক্যারিয়ার। পাঁচ শতাধিক সিনেমায় অভিনয়, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি, অসংখ্য পুরস্কার ও সম্মাননা। পর্দায় কখনো বাবা, কখনো খলনায়ক, কখনো হাস্যরসাত্মক চরিত্রে দর্শককে মুগ্ধ করেছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালনা, প্রযোজনা ও অভিনয়শিক্ষার প্রতিষ্ঠান গড়েও নিজের অবস্থান তৈরি করেছেন অনুপম খের।এত দীর্ঘ ক্যারিয়ারের পর অনুপমের আর্থিকভাবে সচ্ছল হওয়াটাই স্বাভাবিক।
কিন্তু ইন্টারনেটে তাঁর সম্পদের যে হিসাব ঘুরে বেড়াচ্ছে, তা নিয়ে আপত্তি আছে অভিনেতার নিজেরই। বিভিন্ন ওয়েবসাইটে দাবি করা হচ্ছে, অনুপমের সম্পদের পরিমাণ ৫০০ কোটি রুপি। অথচ অভিনেতার দাবি, এই অঙ্কের ১০ শতাংশও তাঁর নেই। সম্প্রতি ‘দ্য আনফিল্টারড আওয়ার’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিতে গিয়ে বিষয়টি নিয়ে কথা বলেছেন অনুপম। তাঁর ভাষ্য, গুগলে নিজের সম্পদের পরিমাণ খুঁজলে যে তথ্য পাওয়া যায়, তা দেখে মানুষ তাঁকে অঢেল সম্পদের মালিক মনে করে।
বন্ধুরাও সেই হিসাব দেখে তাঁর কাছে মজা করে টাকা চান।
সূত্র: প্রথম আলো