উগ্রবাদী সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’ প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আত্মগোপনে ছিলেন। স্থানীয় লোকজনের হাতে আটকের পর নিজের নাম সাইফুল ইসলাম সুজন বলে পরিচয় দেন তিনি। পরে পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাঁর প্রকৃত পরিচয় জানতে পারে পুলিশ। তাঁর ভাড়া বাসার উঠানের মাটির নিচে গর্ত থেকে উদ্ধার করা হয়েছে ১১টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)।
পাঁচ দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার তাঁকে আদালতে হাজির করা হয়। তবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি তিনি। পুলিশ জানায়, ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন মামুন। স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করলে পালানোর চেষ্টায় একটি ককটেল বিস্ফোরণ ঘটান বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।পুলিশের ভাষ্য, আটকের পর ওই ব্যক্তি নিজের নাম সাইফুল ইসলাম সুজন এবং বাড়ি ভোলা সদর বলে জানান।
সূত্র: প্রথম আলো