বাংলাদেশে বিদেশি নাগরিকদের একটি অংশের অনলাইন প্রতারণা, মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য অপরাধে জড়িয়ে পড়ার তথ্য উদ্বেগজনক। বিশেষ করে স্ক্যাম সেন্টার বা সংঘবদ্ধ অনলাইন প্রতারণাকেন্দ্র গড়ে তোলার চেষ্টা বড় বিপদের সংকেত। এসব তৎপরতা কেবল কয়েকজনের অপরাধ হিসেবে দেখলে চলবে না। এর সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা, অভিবাসন তদারকি, আর্থিক লেনদেনের নজরদারি এবং দেশীয় সহযোগীদের ভূমিকা জড়িত।
বিচ্ছিন্ন অভিযানে কয়েকজনকে গ্রেপ্তার করে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হিসাবে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ৬৩৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছেন। অন্যদিকে ১২৬ দেশের ৭ হাজার ৮৮ জন ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বাংলাদেশে অবস্থান করছেন। তবে মেয়াদোত্তীর্ণ ভিসায় অবস্থান এবং প্রতারণা বা পাচারের মতো অপরাধ এক বিষয় নয়।
আবার গ্রেপ্তার হওয়াও সব সময় অপরাধী প্রমাণিত হওয়া নয়।
সূত্র: প্রথম আলো