গ্রিসে যাওয়ার জন্য ১৪ লাখ টাকা জোগাড় করতে পরিবারের জমি বিক্রি ও বন্ধক রাখতে হয়েছে খুলনার তেরখাদা উপজেলার মল্লিকপুরে তানভীর আহমেদ হাদীকে। দালালের মাধ্যমে লিবিয়া থেকে বাতাসভরা রাবারের নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গত ১৭ আগস্ট গ্রিসে পৌঁছান তিনি। কিন্তু যে কাজের আশায় দেশ ছেড়েছিলেন, তা জোটেনি। এখন গ্রিসের লেরোস দ্বীপের একটি আটককেন্দ্রে দিন কাটছে তাঁর।
খাবারের খরচ জোগাতে এখনো বাড়ি থেকে মাসে প্রায় ২০ হাজার টাকা পাঠাতে হয়।তানভীরের অভিযোগ, আটককেন্দ্রে দিনে একবার যে খাবার দেওয়া হয়, তা অনেক সময় খাওয়ার উপযোগী থাকে না। বাড়ি থেকে টাকা না পাঠালে না খেয়ে থাকতে হবে বলে জানান তিনি।তানভীরের মতো অনেক বাংলাদেশি সমুদ্রপথে বিপজ্জনক যাত্রা শেষে গ্রিসের বিভিন্ন দ্বীপে আটকা পড়েছেন।
এর মধ্যে লেরোস, কোস, সামোস ও লেসবোসের অভিবাসী আটককেন্দ্রে থাকা নয়জন বাংলাদেশির সঙ্গে প্রথম আলোর মুঠোফোনে কথা হয়েছে।
সূত্র: প্রথম আলো