সরকার নিজের খরচ বাড়িয়েই চলেছে। নতুন বেতনকাঠামো, নতুন নতুন প্রকল্প ও নতুন কর্মসূচিতে যেমন বাড়তি ব্যয়ের খাত তৈরি হচ্ছে, তেমনি বিদেশি ঋণ পরিশোধ ও জ্বালানি খাতে ভর্তুকিতেও সরকারকে বাড়তি ব্যয় করতে হচ্ছে।ব্যয় বাড়তে থাকলেও আয় সেভাবে বাড়ছে না। পুরোনো উৎস থেকে বাড়তি রাজস্ব পাওয়া কঠিন হয়ে পড়ছে। বরং কর কমানোর চাপ আছে। অন্যদিকে বিদেশি ঋণের বোঝাও এখন বেশি। নতুন করে অতিরিক্ত ঋণ নিলে অর্থনৈতিক সংকটের ঝুঁকি থাকে।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সরকার টাকা পাবে কোথা থেকে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, নতুন প্রকল্প নেওয়া, নতুন বেতনকাঠামো, অতিরিক্ত ভর্তুকি ব্যয়সহ বাড়তি খরচ করার মতো নিজস্ব আর্থিক সক্ষমতা এই মুহূর্তে সরকারের নেই। সরকারের আয়ের পথ সংকুচিত হচ্ছে। তিনি আরও বলেন, পরিচালন খরচ চালাতেই সরকারের ঘাম ছুটে যাচ্ছে।
এমন অবস্থায় নতুন নতুন প্রকল্প নেওয়ার উদ্দেশ্য হলো রাজনৈতিক ‘মাইলেজ’ নেওয়া।
সূত্র: প্রথম আলো