গাজীপুরের টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বসতবাড়িতে আগুন লেগে নারী–শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে টঙ্গী পশ্চিম থানার পশ্চিম দাঁড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।দগ্ধ ব্যক্তিরা হলেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকার মনিরা আক্তার (৩০) ও তাঁর ছেলে আরিফুল ইসলাম (৬) এবং প্রতিবেশী তরিকুল ইসলাম (২৬)।
তরিকুল খুলনার কয়রা থানার আশরাফ গাজীর ছেলে। দগ্ধ ব্যক্তিরা সবাই টঙ্গীর পশ্চিম দাঁড়াইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।আজ সোমবার সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিম দাঁড়াইল এলাকার একটি বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সূত্র: প্রথম আলো