মুহাম্মদ সাফিন ও মুহাম্মদ সাদিল যমজ ভাই। জন্ম গত বছরের ৮ নভেম্বর। সাফিনের ওজন একটু কম ছিল, তাই মা-বাবা তাকে ‘ছোট মিয়া’ আর সাদিলকে ডাকতেন ‘বড় মিয়া’ বলে। এ দুই মিয়াকে আর কখনো ডাকা হবে না মা-বাবার! হাম ও হাম-পরবর্তী নানা জটিলতায় শিশু দুটির মৃত্যু হয়েছে।সাফিন ও সাদিল মায়ের কোলজুড়ে এসেছিল একসঙ্গে, চলেও গেল তারা কাছাকাছি সময়ে। সাফিন মারা গেছে ১ নভেম্বর। এর সাত দিন পরেই ছিল তার জন্মদিন। সাদিলের মৃত্যু হয়েছে ১৬ নভেম্বর।
দুই ভাইকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে, চট্টগ্রামের পেকুয়ায় পারিবারিক কবরস্থানে।গত শনিবার শিশু দুটির বাবা মুহাম্মদ বিন সোয়াদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এক ছেলে প্রথম জন্মদিনের আগেই মারা গেল। আরেকজন জন্মদিনে হাসপাতালেই ছিল। আমরা তখন শুধু “আল্লাহ, আল্লাহ” করছি!’সাফিন ও সাদিলের জ্বর হওয়ার পর থেকেই তাদের শারীরিক অবস্থার খবর ফেসবুকে নিয়মিত জানান মুহাম্মদ বিন সোয়াদ। দেন মৃত্যুর খবরও।
সাদিল মারা যাওয়ার পর লিখেছিলেন, ‘আমার যমজ বাচ্চা আরেকটাও আল্লাহ নিয়ে গেছে...’চট্টগ্রামের বাঁশখালীর জলদী মিয়ার বাজারের সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মুহাম্মদ বিন সোয়াদ।
সূত্র: প্রথম আলো