নয় মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। দীর্ঘ এ সময়ে অভিনয় থেকে দূরে ছিলেন। গত ২৬ অক্টোবর শুটিংয়ে ফেরেন অভিনেত্রী। অংশ নেন ইকসান রনির নতুন নাটক ‘অংশীদার’–এর শুটিংয়ে।
গত শনিবার প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পায়।পারিবারিক টানাপোড়েন, নারীর ন্যায্য সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক বাস্তবসম্মত গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অংশীদার’।
ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল।কাজী সাইফুল ইসলামের প্রযোজনায় এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, তানিয়া বৃষ্টি ও ডলি জহুর।মুক্তির পর থেকেই দর্শকের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।
সূত্র: প্রথম আলো