উপকূলের আট জেলায় বছরে উৎপাদন প্রায় ৫ হাজার ৬৭০ কোটি টাকার দুধ ও মাংস। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা রয়েছে মহিষের।কাগজে-কলমে মালিকানার কোনো দলিল নেই, আছে শুধু মহিষের কানে দেওয়া একটি ক্ষুদ্র ‘দাগ’। এই চিরায়ত প্রথার ওপর ভর করেই দাঁড়িয়ে আছে উপকূলের প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার দুধ ও মাংসের বাজার। কিন্তু একুশ শতকের ডিজিটাল যুগে এসে প্রায় ২০০ বছরের পুরোনো দাগপ্রথা মালিকানা প্রমাণে আর ধোপে টিকছে না।
সাম্প্রতিক সময়ে প্রশাসনিক হয়রানি আর রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে উপকূলীয় আট জেলার ঐতিহ্যবাহী মহিষের বাথান।উপকূলীয় দ্বীপ ও চরাঞ্চলে মহিষ পালন দীর্ঘকাল ধরে গ্রামীণ অর্থনীতির একটি অন্যতম ভিত্তি। বর্তমানে বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রামের দ্বীপ ও চরাঞ্চলে পালিত হয় প্রায় ৬ লাখ মহিষ।
উপকূলের নতুন জেগে ওঠা দ্বীপ ও চরের বিস্তৃত চারণভূমিতে ‘বাথান’ পদ্ধতিতে মুক্ত অবস্থায় চরে বেড়ায় মহিষের দল।
সূত্র: প্রথম আলো