ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার হওয়া এক নেতাকে ছাড়াতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা–কর্মীদের সঙ্গে পুলিশ এবং বিএনপির নেতা–কর্মীদের ধস্তাধস্তি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এনসিপির কয়েকজন নেতা–কর্মী আহত হয়েছেন বলে দলটির নেতারা দাবি করেছেন। গতকাল রোববার রাতে আখাউড়া থানার সামনে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার ওই নেতার নাম ছায়েব আলী (৬০)।
তিনি আখাউড়ার মোগড়া ইউনিয়নের মোগড়া গ্রামের বাসিন্দা এবং এনসিপির মোগড়া ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও উপজেলার যুগ্ম আহ্বায়ক। তিনি আসন্ন মোগড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এনসিপি মনোনীত প্রার্থী। গতকাল রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।স্থানীয় লোকজন জানান, ছায়েব আলী একসময় জাতীয় পার্টির রাজনীতি করতেন। ২০১৮ সালে তিনি আওয়ামী লীগে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) যোগ দেন।
পরে মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন।
সূত্র: প্রথম আলো