ইউক্রেনের রাজধানী কিয়েভের ডাইমার এলাকায় একটি ভবনের ধ্বংস্তূপ থেকে ১৪ ঘণ্টা পর সাত বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। রাতভর রুশ হামলায় ওই ভবনটি বিধ্বস্ত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলায় এলাকাটিতে মোট ১১ জন নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরের দিকে ওই হামলা চালানো হয়।
কিয়েভ অঞ্চলের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, ধসে পড়া ভবন থেকে ৭৯ বছর বয়সী এক বৃদ্ধাকেও জীবিত উদ্ধার করা হয়েছে।তকাচেঙ্কো আরও বলেন, বিলা সের্কভা এলাকায় একটি বাড়িতে হামলায় আরও একজন নিহত হয়েছেন। এ সময় বাড়িটিতে আগুন ধরে যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও পৃথক হামলার কথা জানিয়ে বলেছেন, রোববার কিয়েভ অঞ্চলের ভিশনেভে এলাকায় একটি মুদিদোকানে হামলা চালানো হয়।
এতে ৩ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডাইমারের ওই শিশুটির অবস্থা স্থিতিশীল।
সূত্র: প্রথম আলো