ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ২৮টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে জড়ানো দুই পক্ষের লোকজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দোহারো গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক ইউপি সদস্য উজির আলী মোল্লার সঙ্গে ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাবু জোয়ার্দারের সমর্থকদের বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার বিকেলে উভয় পক্ষের লোকজন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে।
একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সূত্র: প্রথম আলো