আমি শ্রীকমলাকান্ত চক্রবর্তী। ইদানীং আফিংয়ের মাত্রাটা একটু বাড়াইয়াছি। কারণ, এ দেশের যে হাল, তাহাতে পুরোদস্তুর সজ্ঞানে পথে বাহির হওয়া আর খাল কাটিয়া কুমির আনা—উভয়ই সমান। সেদিন প্রসন্ন গোয়ালিনীর ধারে এক বাটি দুধ না পাইয়া, ক্ষোভে-দুঃখে একটি লোকাল বাস নামক লৌহশকটে চড়িয়া বসিলাম। গন্তব্য কোথায়, জানি না। তবে হেলপারের হাঁকডাকে মনে হইল, সে বোধ হয় আমাকে সাক্ষাৎ স্বর্গদ্বারেই লইয়া যাইবে।বাসের ভিতর গাদাগাদি।
আমি এক কোণে বসিয়া আফিংয়ের ঘোরে ঢুলিতেছি এবং ভাবিতেছি, এই যে এত মানুষ, ইহারা প্রতিদিন কোথায় যায়? কেন যায়? এমন সময় হঠাৎ বিকট শব্দ। ফটাস! ফটাস!পোড়া বারুদের গন্ধে বাসের ভিতরটা যেন নিমেষেই সাক্ষাৎ কুরুক্ষেত্র হইয়া উঠিল। আমার আফিংয়ের ঘোর একেবারে ছুটিয়া গেল। চোখ কচলাইয়া শুনি, কে যেন আর্তনাদ করিয়া বলিতেছে, ‘ওরে বাবারে, বাসে ককটেল মারছে!’আমি বুঝিলাম, এ নিশ্চয়ই কোনো রাজনৈতিক মিক্সচার। সাহেবদের ককটেল তরল, আমাদেরটা কঠিন।
সাহেবদের ককটেলে থাকে বরফ, আমাদেরটায় থাকে আগুন।
সূত্র: প্রথম আলো