যুক্তরাষ্ট্রের ফুটবলে ইতিহাস গড়েই যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেজর লিগ সকারে (এমএলএস) ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার।২০০৪ সালে ১ জানুয়ারি বা তারপরে জন্ম নেওয়া সেরা খেলোয়াড়কে পুরস্কারটি দেওয়া হয়। সুলিভান সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১৭ বছর ৫৬ দিন বয়সে তা জিতলেন।
এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যম এবং বর্তমান খেলোয়াড়দের ভোটে বিজয়ী নির্ধারিত হন। মোট ভোটের ৬৫.০৬ শতাংশ পান সুলিভান। খেলোয়াড়, গণমাধ্যম ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত তিনটি ভোটিং ক্যাটাগরির প্রতিটিতে শীর্ষে ছিলেন সুলিভান। সংবাদমাধ্যমে ৮০ শতাংশ এবং সহকর্মী পেশাদার খেলোয়াড়দের ৬০.৩৪ শতাংশ ভোট পান।যুক্তরাষ্ট্র ছেলেদের জাতীয় দলের দুই উদীয়মান সতীর্থকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেয়েছেন সুলিভান।
নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল ও আদ্রি মেহমেতি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন।
সূত্র: প্রথম আলো