বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকেই কোনো পূর্বঘোষণা ছাড়াই দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করছেন। উদ্যোগটি নিঃসন্দেহে ইতিবাচক। কারণ, হাসপাতালের প্রকৃত অবস্থা জানতে হলে সেখানে আকস্মিকভাবে যাওয়া এবং রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলার বিকল্প নেই।
আগে থেকে পরিদর্শনের খবর জানানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ সবকিছু সাময়িকভাবে সাজিয়ে-গুছিয়ে রাখার সুযোগ পায়।
ফলে রোগীরা প্রতিদিন যে বাস্তবতার মুখোমুখি হন, তা মন্ত্রীর চোখে ধরা না–ও পড়তে পারে।আকস্মিক পরিদর্শনের মাধ্যমে মন্ত্রী হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, প্রয়োজনীয় জনবলের ঘাটতি, ওষুধ ও চিকিৎসাসামগ্রীর সংকট, যন্ত্রপাতির অকার্যকারিতা, অপরিচ্ছন্ন পরিবেশ, দালাল চক্রের দৌরাত্ম্য, রোগীদের খাবারের মান ও আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত কর্মীদের কাজের অবস্থা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন।
সূত্র: প্রথম আলো