সকাল সাতটায় সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছেই চোখে পড়ল এক ভিন্ন জগৎ। সারি সারি বিশাল সব দোতলা-তিনতলা লঞ্চ, হকারদের হাঁকডাক, যাত্রীদের ব্যস্ততা আর বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা নৌযান। নির্ধারিত লঞ্চ প্রিন্স আওলাদ-৭-এ উঠতেই শুরু হলো আমাদের বহু প্রতীক্ষিত নৌভ্রমণ। চারদিকে একের পর এক লঞ্চের বাঁশি বাজছে। মানুষের ছোটাছুটি আর নৌযানগুলোর আসা-যাওয়ায় বুড়িগঙ্গা তখন পুরোদস্তুর ব্যস্ত।
কালচে পানির ওপর দিয়ে ছুটে চলছে ছোট-বড় নৌযান। বাতাসে ভেসে আসছে নদীর চেনা আঁশটে গন্ধ। এর মধ্যেই আমাদের মনে জমছে উচ্ছ্বাসের সঙ্গে অজানা এক উৎকণ্ঠা। ঘড়ির কাঁটায় আটটা বাজতেই লঞ্চের ভোঁ বেজে উঠল। সাদা ফেনা তুলে ধীরে ধীরে এগিয়ে চলল লঞ্চ। পেছনে পড়ে রইল সদরঘাটের কোলাহল, সামনে অপেক্ষা করছে নদীর বুকে একটি অন্য রকম দিন।১৩ নভেম্বর, শুক্রবার প্রথম আলো বন্ধুসভার আয়োজনে নৌবিহার। গন্তব্য সদরঘাট থেকে চাঁদপুর।
বন্ধুত্ব, আনন্দ, অভিজ্ঞতা বিনিময় এবং সাংগঠনিক বন্ধন আরও দৃঢ় করার উপলক্ষ।
সূত্র: প্রথম আলো