যশোরের বেনাপোল স্থলবন্দর–সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণে শ্রমিক ইউনিয়নের দুই নেতা আহত হয়েছেন। গতকাল সোমবার রাত একটার দিকে শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।আহত দুজন হলেন বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ও যশোর আন্তজেলা ট্রাক ও ট্যাংক–লড়ি শ্রমিক ইউনিয়ন বেনাপোলের সিনিয়র সহ–সভাপতি লোকমান হোসেন।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে বেনাপোল স্থলবন্দরে শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন তবিবুর ও লোকমান। পথে ছোট আঁচড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছোড়ে। এরপর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুরের ডান পায়ে ও লোকমানের বাঁ পায়ে আঘাত লাগে।
তাঁরা মাটিতে পড়ে যান।পরে অন্য শ্রমিকেরা ওই দুজনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সূত্র: প্রথম আলো