প্রথম আলোর বিরুদ্ধে অপপ্রচার, কটূক্তি কিংবা পত্রিকাটির কণ্ঠরোধের চেষ্টা নতুন কিছু নয়। বরং যখনই এমন পরিস্থিতি তৈরি হয়, তখন মনে হয়, প্রথম আলো তার দায়িত্বশীল সাংবাদিকতার জায়গা থেকে সরে আসেনি। ক্ষমতাসীনদের সমালোচনার মুখে পড়েও সত্য প্রকাশে অবিচল থাকা একটি সংবাদমাধ্যমের অন্যতম বড় শক্তি। আমরা বিশ্বাস করি, সব বাধা ও প্রতিকূলতা পেরিয়ে প্রথম আলো সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে।
প্রথম আলোর ওপর যখনই কোনো চাপ আসে, তখন আমরা ধরে নিই, প্রথম আলো সঠিক পথেই আছে।২১ নভেম্বর সকালে গাজীপুরে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। তাঁরা মনে করেন, প্রথম আলো সব সময়, যেকোনো পরিস্থিতিতে সত্য প্রকাশ করবে এবং মানুষের পক্ষে কথা বলবে।
গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করে গাজীপুর বন্ধুসভা।জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা।
সূত্র: প্রথম আলো