ব্রাজিলিয়ান ফুটবলে নেইমারকে ঘিরে উত্তেজনা নতুন কিছু নয়। তবে এবার তাঁর ক্ষোভের কেন্দ্রে প্রতিপক্ষের খেলোয়াড়দের পাশাপাশি রেফারিও। গ্রেমিওর বিপক্ষে ২-০ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ ঝেড়েছেন সান্তোস অধিনায়ক।গতকাল সন্ধ্যায় ব্রাজিলিয়ান লিগের ম্যাচে গ্রেমিওর কাছে হেরেছে সান্তোস। ম্যাচ শেষে রেফারি রামন আবাত্তি আবেলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়েও জড়ান নেইমার।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, ম্যাচজুড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের একের পর এক ফাউলের শিকার হলেও রেফারি যথাযথ ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ছিলেন ব্রাজিলিয়ান তারকা।ব্রাজিলের টেলিভিশন চ্যানেল স্পোরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্ষোভ লুকাননি নেইমার। তাঁর দাবি, প্রথমার্ধেই তাঁকে ১০ বারের বেশি ফাউল করেছেন গ্রেমিওর খেলোয়াড়েরা। কিন্তু সেসব ফাউলের জন্য যথেষ্ট হলুদ কার্ড দেখাননি রেফারি।
এতে প্রতিপক্ষের খেলোয়াড়েরা আরও বেপরোয়া হওয়ার সুযোগ পেয়েছেন।
সূত্র: প্রথম আলো