রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করতেন ‘ফোর স্টার’ গ্রুপের অধীন ‘মশিউর গ্রুপ’-এর সদস্যরা। আধিপত্য বিস্তার ছাড়াও চুরি, ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এই গ্রুপের ছয় সদস্যকে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র, ইয়াবাসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৪ (এসআরবি)।
পল্লবী ও রূপনগর এলাকায় গতকাল সোমবার বিকেল ও রাতে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের এসআরবি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সেখানে এসআরবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শেখ ওসমান গনি সোহাগ (৩৫), রনি ব্যাপারী (৩৫), রনি (২৬), হাসিব (২৭), ইমন মোল্লা (২৫) ও সৌরভ ব্যাপারী (১৯)।
সূত্র: প্রথম আলো