সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ‘মনস্টার’ (দানব) হয়ে উঠেছিলেন বলে যুক্তিতর্কে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, একজন মানুষ একের পর এক কয়েক শ মানুষকে হত্যা করেছেন। দিনের পর দিন, বছরের পর বছর এসব হত্যাকাণ্ড চালিয়েছেন। জিয়াউল আহসান ছাড়া অন্য কারও পক্ষে এটা করা সম্ভব নয়।
আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর এ কথা বলেন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ মঙ্গলবার এ মামলায় যুক্তিতর্ক শুরু হয়।
এ সময় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুনের ঘটনায় এটিই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলা, যার যুক্তিতর্ক শুরু হলো।
সূত্র: প্রথম আলো