ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার পৈতৃক সম্পত্তি ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উল্লেখ করে তা পুরাকীর্তি হিসেবে পরিদর্শনের জন্য দল গঠন-সম্পর্কিত অফিস আদেশটি বাতিল করা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) এক স্মারকে এ তথ্য জানা গেছে।
এর আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) থেকে ৯ নভেম্বর ওই অফিস আদেশ জারি করা হয়। এতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত পরিত্যক্ত বাড়ি সংরক্ষণের জন্য সরেজমিনে পরিদর্শন দল গঠন ও প্রতিবেদন দেওয়ার বিষয়ে বলা হয়।৯ নভেম্বর ওই অফিস আদেশ প্রত্যাহার বা বাতিল চেয়ে ১৬ নভেম্বর আইনি নোটিশ পাঠানো হয়।
ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সাবেক সংসদ সদস্য আরমা দত্তের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া রেজিস্ট্রি ডাকযোগে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ কর্মকর্তা বরাবর ওই নোটিশ পাঠান।
সূত্র: প্রথম আলো