ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার দেশটির মানবাধিকার ও গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোকে সুপরিকল্পিতভাবে দুর্বল করে দিয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গত সোমবার প্রকাশিত ৯৫ পৃষ্ঠার এক প্রতিবেদনে সংস্থাটি এ কথা বলেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পরিচালিত সরকার সংসদীয় প্রক্রিয়া ক্ষুণ্ন করছে, বিরোধী দলগুলোকে দমন করছে এবং রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
এ ছাড়া নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, দুর্নীতিবিরোধী বিচার বিভাগীয় ব্যবস্থা ও মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক সংস্থাগুলোকে অকার্যকর করার পাশাপাশি বিচার বিভাগেও হস্তক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেছে সংস্থাটি।হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, গত এক দশকে মোদি সরকার নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ ও নাগরিক স্বাধীনতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে ফাঁপা করে দিয়েছে।
সূত্র: প্রথম আলো