জ্বালানিসংকটের এই সময়ে শরীয়তপুরের ভেদরগঞ্জের তরুণ সানজিদুল ইসলামের উদ্যোগ নিঃসন্দেহে আশাজাগানিয়া। গরু ও মুরগির বর্জ্য দিয়ে বায়োগ্যাস উৎপাদন করে তিনি দুটি গ্রামের ৩০টি পরিবারের রান্নার জ্বালানির চাহিদা মেটাচ্ছেন। পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা এই গ্যাস ব্যবহার করে পরিবারগুলো আগের তুলনায় কম খরচে রান্না করতে পারছে। শুধু গ্যাস বিক্রি নয়, বর্জ্য থেকে উৎপাদিত জৈব সার বিক্রি করেও আয় করছেন সানজিদুল।
সব খরচ বাদে তাঁর মাসিক আয় প্রায় ৫০ হাজার টাকা।সৌদি আরবে সাত বছর শ্রমিকের কাজ করে দেশে ফিরে সানজিদুল নিজের গ্রামেই আয়ের পথ খুঁজেছেন। মামার গরুর খামারের বর্জ্যকে সম্পদে পরিণত করার চিন্তা থেকে প্রায় ১১ লাখ টাকা বিনিয়োগ করে গড়ে তুলেছেন বায়োগ্যাস প্ল্যান্ট। তাঁর এ উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য হলো, এটি একসঙ্গে কয়েকটি সমস্যার সমাধান করছে। খামারের বর্জ্য পরিবেশদূষণের কারণ না হয়ে জ্বালানি ও জৈব সারে পরিণত হচ্ছে।
তৈরি হচ্ছে কর্মসংস্থান, কমছে পরিবারের জ্বালানি ব্যয়।সানজিদুলের উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করছে।
সূত্র: প্রথম আলো