‘মেয়েটা কাঁদছে। ভিডিও কলে বলছে, “বাবা, আমাকে বাঁচাইতে আসো।” বাবা হয়ে আমার কেমন লাগে, আপনি চিন্তা করেন!’ মেয়ে জুমরাতুন নেছা বর্ষাকে সেদিন জীবিত আর পাননি বাবা শেখ মানোয়ার হোসেন। ১৪ নভেম্বর প্রথম আলোর সঙ্গে কথা বলার সময় বাবার কণ্ঠে ছিল বেদনা ও আক্ষেপ। তিনি বলেন, ‘খালি গায়ে ছিলাম। মেয়েকে কলে রেখে এক হাতে শার্ট নিয়ে নিচে নামতে নামতে বলি, “মা, আমি আসতেছি, আসতেছি।” রাত সোয়া ১২টা বাজে!
রিকশায় মেয়ের শ্বশুরবাড়ি মনিপুরীপাড়ায় যেতে আমাদের ১৫-২০ মিনিট লাগছে। গিয়ে দেখি মেয়ে নাই!’বর্ষাকে গত ২৮ অক্টোবর রাতে অচেতন অবস্থায় রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল দিলে তেজগাঁও থানা থেকে পুলিশ আসে। বর্ষার স্বামী নাবিদ হোসাইনকে ওই সময় পুলিশের হাতে তুলে দেয় বর্ষার পরিবার।
যৌতুকের কারণে মৃত্যু ঘটানোর অভিযোগে বর্ষার স্বামীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (ক) ধারায় তেজগাঁও থানায় মামলা হয়।
সূত্র: প্রথম আলো