গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিক আন্দোলনের মধ্যে হামলা ও ইটপাটকেলের আঘাতে পুলিশ, বিজিবি, আনসার সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে বেলা দুইটার মধ্যে সালনা, নাওজোড়, ছয়দানা ও গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তের পর আজ সকাল থেকে গাজীপুরে শ্রমিকেরা আন্দোলন শুরু করেন।
শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।গাজীপুর সদর উপজেলার সালনা ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়।পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে সালনা এলাকায় শ্রমিক আন্দোলনের সঙ্গে বেশ কিছু বহিরাগত দুর্বৃত্ত যোগ দেয়।
সূত্র: প্রথম আলো