মানুষের জীবনে কিছু যাত্রা থাকে, যার গন্তব্য আগে থেকেই নির্ধারিত; আবার কিছু যাত্রা পথ চলতে চলতেই নিজের অর্থ খুঁজে নেয়। বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’ আমার কাছে দ্বিতীয় ধরনের এক অভিজ্ঞতা। যাওয়ার সিদ্ধান্তটি সহজে নিতে পারিনি। ব্যক্তিগত ব্যস্ততা, নানা অনিশ্চয়তা আর যাতায়াতের পরিকল্পনা—সব মিলিয়ে সংশয়ের মধ্যে ছিলাম। কখনো মোটরসাইকেলে, কখনো বাসে, কখনো ট্রেনে যাওয়ার কথা ভেবেছি।
শেষ পর্যন্ত সব দ্বিধার অবসান ঘটিয়ে ট্রেনের টিকিট কাটলাম।১২ নভেম্বর, বৃহস্পতিবার। রাত সাড়ে নয়টা। খুলনা রেলস্টেশনে তখন যাত্রীদের ব্যস্ততা। ট্রেন ছাড়তে আরও ১৫ মিনিট। স্টেশনে দেখা হলো খোস নসিব ও প্রদীপ্ত পালের সঙ্গে। আমরা ছয়জন একসঙ্গে রওনা হলাম। টিকিটে আসন আলাদা হলেও ইচ্ছা ছিল পাশাপাশি বসার। নির্ধারিত আসন ছেড়ে খুঁজে নিলাম মুখোমুখি বসার জায়গা।
যাত্রার শুরুতেই মনে হলো, মানুষের জন্য নির্ধারিত আসন থাকতে পারে, কিন্তু একসঙ্গে থাকার আকাঙ্ক্ষার কোনো নির্দিষ্ট আসন লাগে না।ট্রেন চলতে শুরু করতেই মনে পড়ল শামসুর রাহমানের কবিতা ‘ঝকঝকাঝক ট্রেন চলেছে রাত দুপুরে’।
সূত্র: প্রথম আলো