মেহেরপুরের মুজিবনগরে ছয় কাঠা জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তহুরা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর দুই ছেলে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর গ্রামের বাজারপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ছয় কাঠা জমি নিয়ে তহুরা খাতুনের ছেলেদের সঙ্গে চাচাতো ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ মেটাতে গ্রামে একাধিকবার সালিস বৈঠক হয়েছে।
তাতেও সমাধান না হওয়ায় দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে মামলা করেছে। এসব মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। এরই মধ্যে আজ সকালে বিরোধপূর্ণ জমিতে এক পক্ষ জোর করে বাড়ি নির্মাণের কাজ শুরু করে। এতে তহুরা খাতুনের ছেলেরা বাধা দিতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় তহুরা খাতুন নিহত হন।নিহত বৃদ্ধার মেয়ে মিনা খাতুন অভিযোগ বলেন, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ সকালে ইসলাম মহলদার বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ শুরু করেন।
এ সময় তাঁর দুই ভাই হানিফ মহলদার ও রহমান মহলদার বাধা দিতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়।
সূত্র: প্রথম আলো