এক দেশের পোশাক কারখানার বাড়তি কাপড়, অন্য দেশের ব্যবহারের পর ফেলে দেওয়া পোশাক। দুই ধরনের টেক্সটাইল বর্জ্যকে নতুন পণ্য ও ব্যবসার সম্ভাবনায় রূপ দিতে একসঙ্গে কাজ করছেন বাংলাদেশ ও নেদারল্যান্ডসের শিক্ষার্থীরা। তাঁদের এই উদ্যোগের নাম ‘সার্কুলার বাই ডিজাইন’।ফ্যাশন মানেই নতুন পোশাক, নতুন নকশা আর সময়ের সঙ্গে বদলে যাওয়া ট্রেন্ড। কিন্তু এই চাকচিক্যের আড়ালে জমছে বিপুল পরিমাণ বস্ত্রবর্জ্য।
কোথাও পোশাক তৈরির সময় কাপড়ের বাড়তি অংশ ফেলে দেওয়া হচ্ছে, কোথাও আবার কয়েকবার ব্যবহারের পরই পুরোনো হয়ে যাচ্ছে পোশাক। পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরির পাশাপাশি এসব বর্জ্য থেকে যাচ্ছে অব্যবহৃত অবস্থায়। অথচ সঠিক পরিকল্পনা ও সৃজনশীলতায় এই ফেলে দেওয়া কাপড়ই হয়ে উঠতে পারে নতুন পণ্য তৈরির উপকরণ, খুলে দিতে পারে ব্যবসার নতুন সম্ভাবনা।এমন ভাবনা থেকেই যৌথ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা।
‘সার্কুলার বাই ডিজাইন: এ সার্কুলার টেক্সটাইল লিভিং ল্যাব, বাংলাদেশ অ্যান্ড দ্য নেদারল্যান্ডস’ নামের এই প্রকল্পে দুই দেশের শিক্ষার্থীরা কাজ করছেন ফ্যাশনশিল্পের বর্জ্য সমস্যা নিয়ে।
সূত্র: প্রথম আলো