বিভিন্ন দেশে আন্দোলনের সময় ইনস্টাগ্রামে প্রেম করলে প্রথম শর্ত হলো নিজের চেহারার চেয়েও নিজের রাউটারের ওপর বেশি ভরসা রাখা। তেহরানে ফাতেমার ওয়াই–ফাইয়ে একটু সর্দিকাশি হলেই সে ভাবত, আমি বুঝি তাকে ছেড়ে অন্য কোনো ইনস্টা-কন্যাকে ‘লাইক’ দিতে ব্যস্ত। আর ওদিকে আমাদের দেশে যখন আন্দোলনের সময় হুট করে ইন্টারনেট উধাও হয়ে গেল, তখন ফাতেমার অভিমান আর আমার অসহায়ত্ব মিলে রীতিমতো এক ডিজিটাল ট্র্যাজেডি!
ভিডিও কলে কথা বলার সময় ইন্টারনেট এমনভাবে আটকে যেত, মনে হতো ফাতেমা কোনো হরর সিনেমার ভূত—চোখ বড় বড় করে জমে আছে, আর আওয়াজ আসছে রোবটের গলায়, ‘আমি...তোমা...কে...ছাড়...ব... না...।’ আমি চিৎকার করে বলছি, ‘আরে বাবা, ছাড়ছি না তো, বিটিআরসি ছাড়ছে না!’ কে শোনে কার কথা!দেখা করার প্ল্যান তো কম হয়নি। কক্সবাজারের সমুদ্রপার থেকে চট্টগ্রামের চা-দোকান সবই ছিল আমাদের কল্পনার বিশ্বমানচিত্রে।
কিন্তু বাস্তবের কাঁটায় বারবার হোঁচট খেয়ে ফাতেমা হঠাৎ এক সিদ্ধান্ত নিল: ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সে আমাকে চমকে দিতে বাংলাদেশে আসবে!
সূত্র: প্রথম আলো