দক্ষিণ আফ্রিকার পাঁচটি বিশাল বাওবাবগাছ রপ্তানির চেষ্টা আটকে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কয়েক শ বছরের পুরোনো গাছগুলো তুলে নেওয়ার পর রপ্তানির প্রয়োজনীয় অনুমতি ছিল না বলে জানায় কর্তৃপক্ষ। এরপর গাছগুলোকে আবার মাটিতে ফিরিয়ে দিতে শুরু করেছেন পরিবেশকর্মীরা।২০ টন ওজনের গাছগুলো দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলের টিম্বাভাতি এলাকার একটি সংরক্ষিত বনাঞ্চলে পৌঁছেছে গত বুধবার। সেখানে গাছগুলো আবার মাটিতে লাগানো হবে।
নতুন জায়গায় গাছগুলো যাতে স্থির থাকে, সে জন্য তারের সাহায্যে বেঁধে রাখা হবে।গাছগুলো গত জুলাই মাস থেকে ডারবানের একটি গুদামে আটকে ছিল। সেখান থেকে হাজারো মাইল দূরে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল। দক্ষিণ আফ্রিকার বন, মৎস্য ও পরিবেশ বিভাগ জানিয়েছে, গাছগুলো জর্জিয়ায় পাঠানোর কথা ছিল। তবে ক্রেতার নাম প্রকাশ করা হয়নি।ঘটনাটি চার বছর আগের কেনিয়ার একটি ঘটনার কথা মনে করিয়ে দেয়।
সে সময় আটটি বাওবাবগাছ তুলে জর্জিয়ার শেকভেতিলি ডেনড্রোলজিক্যাল পার্কে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল।
সূত্র: প্রথম আলো