১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে সরকার যেন বাধা না দেয়, সেই আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তিনি লংমার্চ ঘিরে ১১ দলীয় ঐক্যের নেতা-কর্মীদের হাজারো উসকানির মুখে চরম ধৈর্য–সংযম দেখাতে বলেছেন।
এ প্রসঙ্গে ১১ দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটির এই আহ্বায়ক বলেন, ‘আমরা কারও উসকানিতে পা দেব না।’ আজ শুক্রবার বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মিয়া গোলাম পরওয়ার।
আগামীকাল শনিবার অনুষ্ঠেয় ১১ দলীয় ঐক্যের রংপুরমুখী লংমার্চের প্রস্তুতি জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তাঁরা মনে করেন, আঘাত এলেও কোনো প্রতিশোধের চেয়ে এই লংমার্চ সফল করার মধ্যে সার্থকতা সবচেয়ে বেশি।এই লংমার্চ ঘিরে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরের পথে পথে জনসভা–পথসভার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান মিয়া গোলাম পরওয়ার।
সূত্র: প্রথম আলো