বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘অত্যন্ত গুরুত্ব’ দেয় ইসলাবামাদ। গতকাল বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে পৃথক বৈঠকে এ কথা বলেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের বিশেষ আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে গত সোমবার দেশটিতে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ।
তাঁর সঙ্গে রয়েছে একটি সংসদীয় প্রতিনিধিদল। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের জাতীয় সংসদের কোনো স্পিকারের এটিই প্রথম আনুষ্ঠানিক পাকিস্তান সফর। গতকাল হাফিজ উদ্দিন আহমদ ও তাঁর সফরসঙ্গীরা ইসলামাবাদের প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে প্রেসিডেন্ট জারদারির সঙ্গে সাক্ষাৎ করেন। পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তর জানায়, বৈঠকে জারদারি বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান অত্যন্ত গুরুত্ব দেয়।
এই সম্পর্কের ভিত্তি অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস এবং গভীর সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধন।’বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান।
সূত্র: প্রথম আলো