পরীক্ষামূলক পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে গত সেপ্টেম্বর পর্যন্ত ৭৪ হাজার ২৫৯টি পরিবার ভাতার আওতায় এসেছে। পর্যায়ক্রমে আনুমানিক ৪ কোটি ১০ লাখ খানাকে (পরিবার) এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা আছে সরকারের। এ লক্ষ্যে তথ্য সংগ্রহের কাজ চলছে। এ পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬ খানার তথ্য সংগ্রহ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
এই কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন এবং টাকা বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে বলেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি।নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েছে বিএনপি সরকার। নিম্ন আয়ের ও দরিদ্র পরিবারগুলোকে সরাসরি নগদ আর্থিক সহায়তা দেওয়া এ কর্মসূচির মূল লক্ষ্য।
এ কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের নারী সদস্য মাসে আড়াই হাজার টাকা পাচ্ছেন।গত ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সূত্র: প্রথম আলো