ব্যাটসম্যানদের কাজ রান করা, বোলারদের কাজ উইকেট নেওয়া। কিন্তু কিছু ক্রিকেটার আছেন, যাঁদের কাছে ব্যাট হাতে নামাটাই যেন একটা পরীক্ষা। রান করবেন কি না, সেটি পরের কথা; উইকেটে কিছুক্ষণ টিকে থাকতে পারবেন কি না, সেটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়।এ ধরনের ব্যাটসম্যান বোলারদের বেশ প্রিয়। সহজে আউট করা যায়, আউট করার আগপর্যন্ত বেশ ‘নাচানো’ও যায়।
ব্যাটের কানায় লেগে ফাঁকফোকরে গেলে বা এলোপাতাড়ি ব্যাট চালিয়ে হঠাৎ বড় শট খেলে ফেললে অবশ্য ভিন্ন কথা। নইলে এ সব ব্যাটসম্যানের কাছ থেকে রান আটকানোও সোজা। ম্যাচের পর ম্যাচ খেলে ফেললেও তাই তাঁদের ব্যাটিং গড় আঙুলে গুণে ফেলা যায়। টেস্ট ক্রিকেটারদের এমনই এক অনাকাঙ্ক্ষিত তালিকায় আছে তিন বাংলাদেশির নামও।টেস্টে প্রথম ৩৩ ইনিংসের পর সর্বনিম্ন ব্যাটিং গড়ের শীর্ষ পাঁচে আছেন খালেদ আহমেদ ও ইবাদত হোসেন।
আর অন্তত ৩৩ ইনিংস ব্যাট করেছেন, এমন ক্রিকেটারদের পুরো ক্যারিয়ারের গড় বিবেচনায় সর্বনিম্ন গড়ের ‘সেরা’ পাঁচে আছে খালেদের সঙ্গে মনজুরুল ইসলামের নাম।দুটি তালিকায় চোখ রাখলে এই ব্যাটসম্যানদের একটা বিশেষত্ব ধরা পড়বে।
সূত্র: প্রথম আলো