টিফিনের ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে করিডরে পায়ের আওয়াজের ঝড় উঠল। সবাই তখন ক্যানটিনের দিকে ছুটছে। কিন্তু রাহুল, মাইদুল ও শিপন উল্টো দিকে দোতলার একেবারে শেষের বারান্দায় এসে দাঁড়াল।এই বারান্দার শেষ প্রান্তেই সেই দরজা, যেটার নাম ‘নিষিদ্ধ ছাদ’। হেডমাস্টার সাহেবের কঠোর নির্দেশ, স্কুল চলাকালে বা ছুটির পর কোনো ছাত্রের ওই ছাদে যাওয়ার জো নেই। বহু পুরোনো ভবন, রেলিংগুলোও কেমন যেন জং ধরা।
তাই ছাদের দরজাটা সব সময় তালাবদ্ধ থাকে।কিন্তু আজ কাণ্ডটা কী!রাহুল দরজায় হাত দিতেই ক্যাঁচ করে শব্দ হলো। তালাটা খোলা, শুধু হ্যাজবোল্টটা আটকানো।মাইদুল গলা নামিয়ে ফিসফিস করে বলল, ‘বলিস কী রে! হেডস্যার দেখলেই তো সোজা টিসি দিয়ে দেবে। চল, পালাই।’রাহুল চোখের ইশারায় মাইদুলকে থামিয়ে দিল। তার চোখের ভেতর তখন থ্রিলার মুভির গোয়েন্দাদের মতো আলো জ্বলছে। ‘পালানোর কথা বলছিস? এমন সুযোগ জীবনে একবারই আসে।
আয় দেখি ভেতরে কী আছে।’শিপন চশমাটা নাক বরাবর ঠিক করে দরজায় হাত রাখল।
সূত্র: প্রথম আলো