বাসায় সবার সঙ্গে আলোচনা ছাড়াই আমি ক্লাস নাইনে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলাম। নারায়ণগঞ্জ বার একাডেমি স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় বিভাগে (১৯৭৪ সালে) উত্তীর্ণ হওয়ার পর তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে ভর্তি হই। মাধ্যমিকের লাড্ডু মার্কা ফলাফলের পর উচ্চ মাধ্যমিকে ভর্তির আগে বিভাগ পরিবর্তন করা আমার জন্য জরুরি ছিল। তখন বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ ছিল।
মা বলতেন, ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। মনে হয় আমার ম্যাচুরিটির অভাব ছিল তখন। আমরা তখন খানপুর হামিদ মিয়ার বাড়িতে ভাড়া থাকি। প্রতিদিন সকালে খানপুর থেকে কলেজে যাওয়ার জন্য আমি ডি-ট্যুর করেছি। বন্ধু নুর ইসলামের বাসা ছিল ব্যাংক কলোনি। প্রতিদিন আমার বাসা থেকে নুর ইসলামকে সঙ্গে নিয়ে খানপুর-ব্যাংক কলোনি-মিশনপাড়া-চাষাঢ়া হয়ে কলেজে গিয়েছি।
তখন স্যারদের মধ্যে বিজ্ঞান বিভাগের পদার্থ বিদ্যায় ছিলেন ভবেশ চন্দ্র রায় ও অরুণ কান্তি রায় স্যার, রসায়নে কিশোরী মোহন দেবনাথ ও আবদুল হালিম স্যার, বায়োলজির বিভাগীয় প্রধান ছিলেন হাবিবুর রহমান এ ছাড়া ছিলেন কবীর চৌধুরী ও উদ্ভিদবিদ্যায় হেলাল উদ্দিন স্যার, বাংলায় বুলবুল চৌধুরী ও কাজী শাহাদাত হোসেন স্যার, ইংরেজিতে করুণাময় গোস্বামী ও ঢাকা থেকে আসতেন বজলুর রহমান পরে স্নাতক পর্যায়ে মজুমদার স্যারকে পেয়েছি।
সূত্র: প্রথম আলো