সীমিত আয়ের সংসারে স্বপ্ন দেখার সাহসটুকুই অনেক সময় বড় শক্তি হয়ে ওঠে। রাজশাহী নগরীর হাদির মোড়ে বাবা-মা ও ভাইয়ের সঙ্গে বসবাস করা মো. আব্দুল্লাহর জীবনেও স্বপ্নটাই সবচেয়ে বড় পুঁজি। তার বাবা একজন মুদি দোকানি। ছোট্ট সেই দোকানের সামান্য আয়েই চলে পরিবারের দৈনন্দিন টানাপোড়েন।
সীমিত সামর্থ্যের মধ্যেও ছেলের ভবিষ্যৎ গড়তে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন বাবা; আর সেই স্বপ্নের পালে হাওয়া জুগিয়েছে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালা।স্বল্প আয়ের পরিবারে বেড়ে উঠলেও আব্দুল্লাহর লক্ষ্য বেশ স্পষ্ট ও দৃঢ়। লেখাপড়া শেষ করে নিজেকে প্রতিষ্ঠিত করা এবং একজন চাকরিজীবী হওয়ার স্বপ্ন বুনে চলেছে সে।
আব্দুল্লাহ চায়, নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারের দুঃখ-কষ্ট দূর করতে, আর বাবা-মায়ের মুখে ফোটাতে চায় তৃপ্তির হাসি।বর্তমানে এসএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ ষষ্ঠ শ্রেণি থেকেই পড়ছে রাজশাহী আলোর পাঠশালায়।
সূত্র: প্রথম আলো